দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন সন্তানের জনক কর্তৃক এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ধর্ষণের ঘটনাটি গত ২ আগস্ট রবিবার বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের হঠাৎপাড়ায় ঘটেছে। গ্রেপ্তার ও গণপিটুনি এড়াতে অভিযুক্ত পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের হঠাৎপাড়ার সাইফুল ইসলামের শিশু কন্যা (৪) বাড়ির উঠানে খেলা করতেছিল। এসময় ওইপাড়ার মজিবর রহমানের ছেলে মো. মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) ওই শিশু কন্যাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জনৈক শিল্পি বেগমের (৩০) বাড়িতে নিয়ে যায়। শিল্পি বেগমের দোচালা টিনের ঘরের মধ্যে মহসিন ওরফে মাছলাঙ্গা শিশু কন্যাটিকে খাটের উপর শোয়ায়ে তার পড়নের হাফ প্যান্ট খুলে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে, মেয়েকে দেখতে না পেয়ে তার মাতা তাকে ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে ধর্ষণের শিকার ওই শিশু কন্যাটি শিল্পি বেগমের বাড়ির ভিতর থেকে দৌঁড়ে আসে। কোথায় গিয়েছিলে জিজ্ঞাসা করলে শিশুটি তার মা খাদিজাকে জানায়, মহসিন ওরফে মাছলাঙ্গা তাকে মোবাইলে কার্টুন দেখতে দিয়ে তার সাথে খারাপ কাজ করেছে। এসময় শিশুটির পড়নের প্যান্ট খুললে ভেজা অবস্থা দেখতে পাওয়া যায়।
এ ঘটনায় ভিকটিমের মাতা খাদিজা বাদী হয়ে গত ২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আইয়ুব আলী বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী বলেন, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত আছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















