গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চার মিনিটের ব্যবধানে প্রায় ৩০০ মিটারের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের মামলায় মো. আনিছুর রহমান (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মো. আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।
সোমবার বিকেল ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্।
তিনি বলেন, এর আগে গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার তাকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তারও আগে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এতে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলায় বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, ককটেল বিস্ফোরণ ও তা দখলে রাখাসহ অন্তর্ঘাতী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ওসি।
‘মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ভোরাতে সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আবু সোলাইমান সরকার সাজা’র বসতবাড়ির বাউন্ডারি ওয়াল ঘেঁষে একটা। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয়টা। ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশে আওয়ামী লীগ নেতা রেজা মিয়ার বাড়ির সামনের সড়কে তৃতীয় ককটেলটি বিস্ফোরিত হয়।
বিজ্ঞাপন

জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















