গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের সঙ্গে ভ্যানের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কোহিনুর বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কোহিনুর বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম শফি মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোহিনুর বেগম ভ্যানযোগে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে তরফ বাজিত (মাঝপাড়া) নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি কুকুরের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ভ্যানের যাত্রী কোহিনুর বেগম ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক নারী চিকিৎসাধীন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















