গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে বিবৃতি দিয়েছেন তিনি।
বিবৃতিতে সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি মহল বিভিন্ন সময়ে তার নামে বিভ্রান্তিকর পোস্ট ও তথ্য প্রচার করছে। তাকে সাংগঠনিকভাবে হেয় করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সিরাজুল ইসলামের দাবি, সম্প্রতি ‘দৈনিক গাইবান্ধার খবর’ নামের একটি পোস্টে এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে, যার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ওই ঘটনার সঙ্গে তার ন্যূনতম সম্পর্কও নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, তার বড় ভাই সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন এবং প্রাথমিক তদন্তে উত্তীর্ণ হয়েছেন। এ বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল তাকে ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাংগঠনিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করার জন্য সাদুল্লাপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তি 


















