শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকৃত চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ অজ্ঞাতনামা হিসেবে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) দিবাগত রাত দুইটা থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করে উপজেলা প্রশাসন।
এদিকে নিখোঁজ রয়েছেন এমন ২৮ জনের নাম উপজেলা প্রশাসনের কাছে দিয়েছেন স্বজনেরা।
যাদের লাশ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০) ও সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮)।
রোবাবার বিকেলে যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এটি কয়লাঘাট এলাকায় নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে এলে এসকে-৩ নামের একটি কোস্টার জাহাজ ধাক্কায় ডুবে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নারায়ণগঞ্জ 















