করোনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে পৃথক বার্তায় তারা শোক প্রকাশ করেন।
একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ দিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক শোকবার্তায় জানান, অ্যাড. আব্দুল মতিন খসরু অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। আইন অঙ্গনের সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
এ ছাড়া আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। বুধবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সাবেক এই আইনমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।
এর আগে বুধবার বিকেল পৌনে ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করেন।
খসরু কুমিল্লা-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।
জাগো২৪.নেট ডেস্ক 















