গাইবান্ধায় সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। চতুর্থদিনের এ লকডাউন অমান্য করায় কোচিং সেন্টারসহ ২৩ জনের ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথকস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জেলা প্রশাসক আবদুল মতিনের নেতৃত্বে সদর উপজেলার বাদিয়াখালী বাজার- রেলস্টেশন ও ত্রিমোহনী এলাকায় অভিযান চালানো হয়। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার ও দোকান খোলা এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ১১ জনের ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা শহরসহ কামদিয়া, রাজাবিরাট ও শহরগাছি বাজারে স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ১০ জনের ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, নাজির হোসেন। একই অপরাধে পলাশবাড়ী উপজেলার ২ জনকে ৭০০ জরিমানা করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা বিস্তার রোধে মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে প্রশাসন। সেই সঙ্গে সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















