দিনাজপুরের চিরিরবন্দরে দেড়’শ বছর ধরে চলাচলের রাস্তাটি বেহাল দশা এবং পুকুর মালিক কর্তৃক বরই কাঁটা দিয়ে বন্ধ করে দেয়ায় মসজিদেও যেতে পারছেন না মুসল্লীরা। এ নিয়ে মুসল্লীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া অভিযোগ সূত্রে এবং সরজমিনে দেখা যায়, পুকুর মালিক আইনুদ্দিন প্রামাণিক মুসল্লীদের চলাচলের রাস্তাটি বরই কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছেন এবং সংস্কার করতে না দেয়ায় মুসল্লীসহ সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী করে দেয়া হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী বাড়ির দেয়ালের ভিত্তির মাটি সরে যাওয়ায় যে কোন মূর্হুতে ওই বাড়িটি পুকুরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে পুকুর মালিক আইনুদ্দিন প্রামাণিক জানান, দেড়’শ বছরের অধিক ওই রাস্তাটি তার বাবার জমির উপর দিয়ে হয়েছে। এটি কোন রেকর্ডিয় রাস্তা নয়। তাছাড়া পুকুরের পার্শ্ববর্তী বাড়ির সব পানি পুকুরে পড়ে ও বর্ষাকালের পানি দিয়ে পুকুর ভরাট হয়ে যায়। ফলে রাস্তাটি ডুবে গিয়ে ভেঙ্গে যায়। এরপর আর সংস্কার করতে দেয়া হয়নি। এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিবেশীরা পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। এ কারণে বর্তমানে রাস্তাটি কাঁটা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
প্রতিবেশী মুসল্লী আফজাল হোসেন, আবু বকর ছিদ্দিকসহ অনেকে জানান, দেড়’শ বছরেরও অধিক পুরাতন ওই রাস্তাটি দিয়ে আমরা পাড়ার সকল লোকজন চলাচল করতাম। ওই রাস্তা দিয়ে গিয়ে মসজিদে নামাজ আদায় করাসহ সব ধরনের চলাচল ওই রাস্তা দিয়েই করা হত। বছর খানেক আগে বর্ষার পানিতে পুকুর ভরাট হলে ওই রাস্তাটিও ডুবে যায়। গাইড ওয়ালটি ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে সংস্কারও করতে দেয়া হয়নি। তারপরও সকলে কষ্ট করে চলাচল করলেও বর্তমানে বরই কাঁটা দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে আমরা চরম অসুবিধার মধ্যে নিপতিত হয়ে পড়েছি। অনেক দূর ঘুরে বিকল্প রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত করছি।
আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই পাড়ার বাসিন্দা মো. মোখলেছুর রহমান জানান, দেড়’শ বছরের অধিক সময় ধরে চালু থাকা রাস্তাটি বন্ধ করে দেয়ায় পাড়ার লোকজন মসজিদেও যেতে পারছেন না। এতে করে তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া বর্ষাকালে পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও পুকুর মালিক সেটি বন্ধ করে রাখায় পুকুর ভরাট হয়ে প্রচন্ড রকমের জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর সমাধান হওয়া প্রয়োজন।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্ জাগো২৪.নেট-কে বলেন, বিগত ১৩/১৪ বছর পূর্বে ওই রাস্তাটি যাতে পুকুরে ভেঙ্গে না যায় সেজন্য গাইড ওয়াল করে দেয়া হয়েছিল। গত বর্ষায় গাইড ওয়ালটি ক্ষতিগ্রস্থ হয়ে ভেঙ্গে পড়ে। গাইড ওয়ালটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করা সম্ভব। চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমের মধ্যস্থতায় ঈদ-উল ফিতর পর্যন্ত সময় দিয়ে কাঁটা সরানো হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রকৌশলী মুহা. ফারুক হাসান জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলোচনার ভিত্তিতে পুনরায় ওই রাস্তাটি চালু করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। অপরদিকে, এলাকাবাসি জরুরীভিত্তিতে ওই রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















