ঈদ আর ঈদের ‘ইত্যাদি’ দুটি যেন একই সূত্রে গাঁথা। দীর্ঘ তিন দশক ধরে ‘ইত্যাদি’ ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ এলেই টিভি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য।
প্রতি ঈদেই গ্যালারির উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন। তবে এবারের ‘ইত্যাদি’র সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে।
কারণ করোনা ভাইরাস। তবে ঈদের পরদিন ঈদের ‘ইত্যাদি’র যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা যাতে নিরাশ না হন, সেজন্য এবারও ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’।
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩০ বছরে এই প্রথম বিকল্প আয়োজনে হচ্ছে জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটি।
পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয়নি এবারের পর্বটি। করোনাভাইরাসের কারণে পুরো পর্বটি সম্পাদনার টেবিলে বসে ব্যতিক্রমী পরিকল্পনায় সেরেছেন হানিফ সংকেত। যার শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 















