দিনাজপুরের খানসামা উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই দিপালী দেবনাথ (২৫) নামে এক ইপিজেডকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কণিকা দেবনাথ (২০) নামে অপর এককর্মী আহত হয়ে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গীবাজার-নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল সড়কের ওমর ফিলিং স্টেশনের সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। নিহত দিপালী দেবনাথ আঙ্গারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের দুলাল দেবনাথের স্ত্রী। দিপালী ২ কন্যা সন্তানের জননী ও নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন শাখার গোল্ড টাইমিং কোম্পানীর কর্মী।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইসময় দিপালী দেবনাথ ও কণিকা দেবনাথসহ অন্যান্যরা অটোরিকশা যোগে কর্মস্থলে যাওয়ার পথে ওমর ফিলিং স্টেশনের নিকট পেীঁছালে জনৈক কর্মীর পড়নের ওড়না অটোরিকশার চাকায় আটকে যায়। এসময় তারা অটোরিকশা থেকে নেমে ওড়না খোলার সময় খানসামা থেকে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলগামী একটি বালুবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইপিজেডকর্মী দিপালী দেবনাথ (২৫) নিহত হন এবং কণিকা দেবনাথ (২০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত কণিকাকে উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, মরদেহ উদ্ধার করে আপত্তি না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘাতক ট্রাক্টরটি স্থানীয় লোকজনের সহায়তায় জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









