দিনাজপুরের চিরিরবন্দরে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় সুমাইয়া আনজুম (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি গতকাল ১৬ ডিসেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিনাজপুর-পাবর্তীপুর সড়কে ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে ঘটেছে। নিহত সুমাইয়া উপজেলার নান্দেড়াই গ্রামের ফকিরপাড়ার সার ব্যবসায়ী মনজের আলীর মেয়ে এবং ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে সুমাইয়া আনজুম দাঁড়িয়ে ছিল। এসময় উপজেলার ঘুঘুরাতলী হতে বেলতলীবাজারের দিকে যাওয়া দ্রæতগতির একটি বেপরোয়া ট্রাক্টর স্কুলের পাশ ঘেষে যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক ও তার সহযোগি পলাতক রয়েছে।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো. জিয়াউল ইসলাম ঘটনাস্থল ও শিশুটির বাড়িতে গিয়ে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহালপূর্বক ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















