উত্তর জনপদের জেলা গাইবান্ধা। এ জেলার প্রত্যান্ত অঞ্চলে জেঁকে বসেছে শীত। এর কবলে যবুথবু অবস্থায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল পরিবারের বয়স্ক ব্যক্তিরা। শীতার্ত এসব মানুষদের গায়ে তুলে দেওয়া হল কম্বল।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলায় ২০০ দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল দিল শুভসংঘ নামের একটি সংগঠনের নেতৃবৃন্দরা।
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে নতুন শীতবস্ত্র হাতে পেয়ে মহাখুশি অসহায় হতদরিদ্র মানুষগুলো।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী মহিলা কলেজ শিক্ষিকা মাহমুদা বেগম চৌধুরী, শুভসংঘের সভাপতি নাহিদ হাসান, সহ সভাপতি সানজিদা আক্তার, আকতারুজ্জামান রিজন, মারুফা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তারিক রহমান কাওসার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, অর্থ সম্পাদক মাহবুব আলম লিখন, নারী বিষয়ক সম্পাদক নাজমুন্নাহার পিংকি, ধর্ম বিষয়ক আনিন সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপা রানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক, তাসলিমা তিথী প্রমুখ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী শুভসংঘের সভাপতি নাহিদ হাসান বলেন, এই শীতে পলাশবাড়ীর নিম্ন আয়ের মানুষকে শীতে কিছুটা উষ্ণতা দিতে পেরে আমরাও খুশি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি। আমাদের ভালো কাজে তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন।
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, শুভসংঘ বরাবরই ভালো কাজ করে আসছে। এর আগেও করোনার দুঃসময়ে তারা এতিম শিশুদের হাতে ত্রাণ তুলে দিয়েছে। অসহায় হতদরিদ্র পরিবারদের জন্য শীতবস্ত্র বিতরণ, এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমাদের প্রত্যাশা তারা সব সময় ভালো কাজে সবার পাশে থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















