শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা যুব সমাজ। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫ কিশোর।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরের তরুণ উদ্যোক্তা ও ইসলামী চিন্তাবিদ মো. আজাদুল ইসলাম গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের পুরস্কারপ্রাপ্ত কিশোরদের হাতে বাই সাইকেল তুলে দেন।
জানা যায়, দু মাস আগে উদীয়মান তরুণ আলেম মসজিদে ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে।
সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন, এমন ১৫ জনের হাতে দুই দফায় সেই পুরষ্কার তুলে দেওয়া হয়। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে মো. আজাদুল ইসলাম বলেন, যুব সমাজকে নেশামুক্ত ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার লক্ষ্যে এমন উদ্যোগ ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে বেশ কিছু জন কিশোর মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















