দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় ছুটি হওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ ছিল। এসময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিল না। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তীব্র শীতে কয়েকদিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকাল ৪টার পূর্বেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেণ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা মমিনুর, লিটন ও সুমনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সাড়ে ১২টায় তো বিদ্যালয় তালাবদ্ধ, কেউ নেই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায় বলেন, শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে।
এদিকে, কয়েকদিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















