প্রতিবছরের ন্যায় এবছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের চিরিরবন্দরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লীদের একটি অংশ। প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিনে রোজা শুরু, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করে থাকেন তাঁরা।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের রাবারড্যামেরর সন্নিকটে চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি পরিবারের মানুষ। নারী-পুরুষ ও শিশুসহ অন্তত শতাধিক মুসল্লী নামাজে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।
ঈদের নামাজে অংশগ্রহণকারী ফুলবাড়ি উপজেলা থেকে আসা ডা. এস এম ওয়ালিউর ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ-কোরবানি পালন করে আসছি। পৃথিবীর প্রায় সবদেশে আজ ঈদ। বাংলাদেশেও আজ অনেক স্থানে ঈদুল আজহার ঈদ উদযাপিত হচ্ছে। একদিন আগেই ঈদের আনন্দ উপভোগ করতে পেরে ভালোই লাগছে।
চিরি নদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী বলেন, আমরা বিগত ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও কোরবানি করে থাকি। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মুসল্লীদের উপস্থিতি কম হয়েছে।
চিরি নদী ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করি এবং ঈদ ও কোরবানি উদযাপন করে আসছি। আমরা মনে করি, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ উঠলে ঈদের নামাজ আদায় করা যাবে এবং কোরবানি করা যাবে। আমরা মুসলিম উম্মাহকে একইদিনে রোজা ও একইদিনে ঈদ পালন করার জন্য বিশেষ আহ্বান জানাই।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)) 
















