দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সমবয়সী তিন শিশু এক সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ৭ বছর বয়সী ৩ শিশু। এদের মধ্যে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার ২নং পালশা ইউনিয়নের বেলওয়াগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে। আশংকাজনক অন্য দুই শিশু হলেন, ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ (৭) এবং গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে সোবাহান (৭)। শিশু সোবাহান তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
শিশুদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার(১৯ জুন) সকালে খেলাধূলা করছিলেন কয়েকজন শিশু। খেলাধুলার একপর্যায়ে তার বাড়ির পেছনে থাকা একটি পুকুরে পড়ে যায় তিন শিশু । কিছুসময় পর একটি শিশুর চিৎকার শুনতে পায় পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে হাবুডুবু খাওয়া অবস্থায় শিশু জিহাদ ও সোবাহানকে উদ্ধার করে। তবে তখন শিশু রহমান নিখোঁজ ছিল।খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু রহমানের পরনে থাকা প্যান্টের কিছু অংশ পানিতে ভাসতে থাকায় তাকেও উদ্ধার করা হয়। পরে তিনজন শিশুকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশু রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, সকালে ৩ জন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে রংপুরে স্থানান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. বিরামপুর )দিনাজপুর) 
















