জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন দাবি প্রত্যাখ্যান করায়, শিক্ষার্থীরা তালা ভেঙ্গে প্রবেশ করেছে হলে। জাবি সংলগ্ন গেরুয়া এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর বিচার ও হল খুলে দেয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টার দিকে তিনটি দাবি পেশ করেন তারা। কিন্তু প্রশাসন প্রত্যাখ্যান করায়, শিক্ষার্থীরা তালা ভেঙ্গে প্রবেশ করে হলে।
দাবিগুলো হলো- শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচার করা, গেরুয়ার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয়া এবং বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া।
দাবি ঘোষণার পর শহীদ মিনার থেকে ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মেস ও বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর মধ্যে গেরুয়া এলাকায় তিন শতাধিক শিক্ষার্থী থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। এখন হল খুলে দেয়ার বিকল্প নেই বলেও দাবি করেন তারা।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।
জাগো২৪.নেট ডেস্ক 









