রংপুর বিভাগের প্রায় পাঁচ হাজার গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার সাব্বীর হোসেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সাব্বীর হোসেন।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম জানান, সাব্বীর হোসেন গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অসাধারণ দক্ষতা ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর সততা, কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
জানা গেছে, সাব্বীর হোসেন ২০১৯ সালে বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মজীবন শুরু করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন।
তাঁর এ সাফল্যে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















