গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে শিক্ষকরা।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা বেতন বৈষম্যের কারনে মানবেতর জীবনযাপন করছি। একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুব কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রে শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে। আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই।
তারা আরও বলেন, বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুপার মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান, সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রমাণিকসহ আরও অনেকে। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















