গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ পিস্তুলসহ জাতীয় পার্টি’র (জাপা-এরশাদ) সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক গোলাম রব্বানী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান। গ্রেফতারকৃত রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি জব্দ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে কতদিন ধরে আর কি কারনে তার কাছে অবৈধ অস্ত্র রাখা ছিলো তা জানা যায়নি। তদন্তের স্বার্থে আর কোন বিষয় প্রকাশ করেনি পুলিশ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৬ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 















