গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে এবং তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় ৩৪ নম্বর আসামি শ্যামল চন্দ্র । গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওইস্থল থেকে গ্রেফতার করা হয়। এই আসামিকে আদালতে পাঠানোর হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পরে এসে গত ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক সাংসদ মো. মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আছে ৪০ থেকে ৫০ জনের নাম।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















