দিনাজপুরের খানসামায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলেই দ্বিতীয় শ্রেণির ছাত্র মিম (৮) নিহত এবং তার পিতামাতা আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাণীরবন্দর-খানসামা সড়কে উপজেলার পান ধোয়ারঘাট নামক স্থানে ঘটেছে। নিহত মিম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী ইছাহাক আলী শাহ্ ওরফে গোলাপ শাহ্র ছেলে এবং বাংলাবাজার নূরানী কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইছাহাক আলী শাহ্ ওরফে গোলাপ শাহ্ (৪৫), তাঁর স্ত্রী জাকিয়া বেগম (৪০) এবং ছেলে মিম (৮) মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পান ধোয়ারঘাট নামক স্থানে পৌঁছলে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা সকলেই আহত হন। এতে মোটরসাইকেলে সামনে বসে থাকা মিম মাথায় প্রচন্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত বলে ঘোষনা করেন। আহত মিমের পিতামাতা পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















