কোনো প্রতীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, রোজা পালন এবং সৎ পথে চলতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা নৌপথে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মতবিনিময়কালে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনি মাহফিলে গিয়ে বললেন, আমি ২ লাখ টাকা দেব। আর বাড়ির পাশের লোকের ২ বিঘা জমি দখল করে রাখলেন। কোনটা ভালো হলো বলেন? আপনি আমার কাছে ১ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ করছেন না। আর মাহফিলে গিয়ে ২ লাখ টাকা দিতে চেয়ে মারহাবা নিলেন। এই রাজনীতি আর চলবে না। কারণ ইসলাম এটাকে জায়েজ মনে করে না।
তিনি আরও বলেন, “আমি মনে করি, আমরা তথা বিএনপি সহীহ মোতাবেক চলছে। বিএনপি সকল ধর্মকে সম্মান করে, সকল ধর্ম পালন করে। যার যার ধর্ম, সে সে তার মতো করে পালন করবে। কারণ আগামীতে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
বিএনপি নেতা-কর্মীদের সীমালঙ্ঘন না করে ভদ্র, নম্র ও সহনশীল আচরণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আপনাদের গতি কমাতে হবে। ভদ্র, নম্র ও সহনশীল হতে হবে। মুরুব্বিদের সম্মান করতে হবে, প্রয়োজনে তাঁদের জন্য চেয়ারও ছেড়ে দিতে হবে।”
গাড়ির গতির সঙ্গে নেতা-কর্মীদের গতির তুলনা করে তিনি বলেন, “গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণ করতে হয়, তেমনি আপনাদেরও নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে হবে।”
এ সময় সুন্দরগঞ্জের নদীভাঙন রোধ ও এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। সুন্দরগঞ্জের মানুষের পাশে থেকে নদীভাঙনসহ সার্বিক বিষয়ে তিনি সজাগ থাকবেন বলেও জানান।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















