দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সকালে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম শাহাপাড়ার মৃত আশরাফ আলী ওরফে ভোলা মাষ্টারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল ৯টার সময় ওই স্থানে আনোয়ারা বেগম ছাগল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে একটি শুকনা গাছে ট্রাকটি সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে ট্রাকের ভিতরে চালক আটকে পড়ে যান। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক কেটে চালককে উদ্ধার করেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ ৩জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর ও সৈয়দপুর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত আনোয়ারা বেগমকে দিনাজপুরে হাসপাতালে নেয়ার পথে বাঁশেরহাট নামক স্থানে মৃত্যুবরণ করেন।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা জাগো২৪.নেট-কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















