ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধায় সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এমন ঘটনায় রোববার (১৪ নভেম্বর) আরও একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন শেষে রাতের দিকে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদুল হক (৩৫) নামের একজন গুরতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। মৃত্যু হামিদুল বল্লমঝাড় দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত আবু সরকারের ছেলে।
এদিকে, রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের নির্বাচনী প্রচারণায় বাঁধায় দেয় প্রতিপক্ষরা। এসময় মারামারিতে প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে, সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফকে শুক্রবার রাতে পথরোধ করে খুন করে আরিফ মিয়া নামের এক যুবক। এ ঘটনার পর বিক্ষোভ-অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসা রোধে মাঠে কাজ করছে পুলিশ। এ নিয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















