গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির মহাসচিব ও দুইবারের সাবেক এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। এ নির্বাচনে ভোটের ফলাফলে দুটি আসনই ভরাডুবি পরাজয় ঘটেছে তার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার ফলাফল সুত্রে এ তথ্য জানা গেছে।
ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত হয়ে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শামীম হায়দার পাটোয়ারী। এতে বড় ধরণের পরাজয় ঘটেছে তার।
অনুষ্ঠিত নির্বাচনে ভোটের ফলাফলে দেখা গেছে- শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে ৩৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে পরাজিত হয়ে তৃতীয় স্থানে আছেন। আর এ আসনে ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মাজেদুর রহমান।
এছাড়া শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-৫ আসনে অংশগ্রহণ করে ৩ হাজার ৪২৭ ভোট পেয়ে পরাজিত হয়ে পঞ্চম স্থানে আছেন। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক জীবনে- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে শামীম হায়দার পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















