গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে সোনালী ব্যাংক ম্যানেজার রওশন জামিলকে শয়তানের বাচ্চা বলে গালি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের কার্যালয়ের সামনে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার ছাবিনা ইয়াসমিন ছন্দা, সোনালী ব্যাংক কর্মকর্তা শান্তনা, আইটি অফিসার এটিএম আরিফুজ্জামান মন্ডল, গ্রাহক হযরত আলী, খয়রাজ্জামান, ইব্রাহিম, সেলিম, রহিমা, রাবেয়া, মমতা প্রমুখ।
বক্তারা ব্যাংক কর্মকর্তা রওশন জামিলের সঙ্গে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ কুরুচিপূর্ন গালিগালাজ করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যাংক কর্মকর্তারা আগামীতে আরো কঠোর কর্মসুচি ঘোষনা করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর উপজেলার টাউন হলরুমে বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতি সভা উপলক্ষে এক আলোচনা সভায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’সহ উপস্থিত উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে সোনালী ব্যাংকের ম্যানেজার রওশন জামিল কে শয়তানের বাচ্চা বলাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করার ঘটনাটি ঘটে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















