দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে, ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, শাহানা বিন্তে আজিজ মিতা, সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল প্রমুখ।
বক্তারা বলেন, এই সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সকল রেকর্ড ভেঙ্গেছে। দফায় দফায় সয়াবিন, গ্যাস, তেল, বিদ্যুতসহ সকল পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে জনগণের নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে না পারলে এবং ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করতে পারলে সরকারকে পদত্যাগ করতে বলেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















