দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর সড়কের পাশে অবস্থিত রেনেসা কোচিং সেন্টারের ভিতরে ঢুকে এবং উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক, তার সহযোগীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ সড়ক দূর্ঘটনাটি মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের পাবর্তীপুর-দিনাজপুর সড়কের খুনিয়াদিঘী নামকস্থানে ঘটেছে। এ দূর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক এলাকাবাসী ও কোচিং সেন্টারের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী রাকিব জানায়, ইট বোঝাই একটি ট্রাক্টর চিরিরবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীতদিক থেকে আসা দু’টি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি খুনিয়াডিঘী মোড়ে সড়কের পাশে রেনেসা কোচিং সেন্টারের ভিতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক ও তার সহযোগীসহ কোচিং সেন্টারে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। গুরুত্বর আহত শিক্ষার্থী নাঈম (১৪), শাকিল (১৪), ফুয়াদ (১৪) সহ ট্রাক্টর চালক সুদন (৪০) কে তাৎক্ষণিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা সকলেই উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের এবং আহত ট্রাক্টর চালক সুদন (৪০) একই উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহত নাঈম ও শাকিলের চাচাতো ভাই মামুনুর রশীদ জানান, তিনি খুনিয়াদীঘি মোড়ে দোকানে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি ট্রাক্টর উল্টে কোচিং সেন্টারে ঢুকে পড়েছে। দ্রæত একটি গাড়ি ভাড়া করে আহতদের হাসপাতালে নিয়ে যাই। আহতদের মধ্যে দুজন সংজ্ঞাহীন ছিল। একজনের মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। আরেকজনের চোখে আঘাত লেগেছে।
এ ঘটনার অন্তত আড়াই ঘন্টা পর চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও আউলিয়াপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাসিবুল হাসান হাসিম বাবু ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা অবরোধকারী শিক্ষার্থী ও স্থানীয় জনগণের দাবী পুরণের আশ্বাস প্রদান করলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















