সম্প্রতি দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং নিরাপদ সড়ক রক্ষায় চালকদের নিয়মনীতি নির্ধারনের লক্ষ্যে ট্রাক্টর মালিক-শ্রমিকদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি ও আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জল হোসেন, মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বলেন, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা মহামারি আকার ধারণ করেছে। এর পিছনে রয়েছে নানাবিধ কারণ। সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে যানবাহনের মাত্রাতিরিক্ত গতি। সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল রোধে যানবাহনের গতি কমাতে হবে।
ট্রাক্টর মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাক্টর রাস্তায় চলাচলের জন্য নয়। এটি মূলত কৃষি কাজের ব্যবহারের জন্য। ট্রাক্টর চালাতে হলে সর্বপ্রথম এর আইন সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলাচল করতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কেউ মাদক সেবন করে বা অসুস্থ শরীরে অথবা অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকেরা যেন কোনভাবেই ট্রাক্টর নিয়ে রাস্তায় বের হতে না পারে। কৃষি কাজ বা কৃষি পণ্য ব্যতিত কোনভাবেই যেনো এই ট্রাক্টর রাস্তায় বের না হয়। কৃষি সংশ্লিষ্ট কাজে বের হয়ে যেকোনো অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে রাস্তার মোড় ও বাঁকগুলোতে গতি কমিয়ে গাড়ি চলাতে হবে। বর্তমান আইনে ড্রাইভিং লাইসেন্স ব্যতিত কেউ গাড়ি চালিয়ে দূর্ঘটনা ঘটালে বা কেউ মারা গেলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার বিধান রয়েছে। সতর্কতার সাথে আইন মেনে এবং গতি নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র কৃষি কাজে গাড়ি চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার সকল ট্রাক্টর মালিক, ট্রাক্টর চালক, হেলপার, শ্রমিক, ছাত্র, শিক্ষকসহ এলাকার সুধীজন অংশগ্রহণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















