গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ধৃতরা হলেন- ফরিদুল ইসলাম (৩৭) ও বকুল মিয়া (৪২)।
মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্পটির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি মদনেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সড়কে ওপর থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫.৩০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে গাইবান্ধা সদরের জুম্মা পাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম ও বাগুরিয়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে বকুল মিয়াকে আটক করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















