বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, কৃষিতে ব্যাপক গবেষণার মাধ্যমে বিভিন্ন জাতের ধান উৎপাদন বাড়ানো হয়েছে। তেমনি ফল উৎপাদনও গ্রাফটিং পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) গাইবান্ধা পলাশবাড়ীর উদ্যোক্তাদের সমন্বয়ে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছের ফলন বৃদ্ধি ও সুস্বাদু জাতের আম উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ও গ্রাফটিং পদ্ধতির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
স্মৃতি এমপি আরও বলেন, একটি গাছ থেকে আরেকটি নতুন গাছের জন্ম হওয়ার পদ্ধতির মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমান ও মাতৃ গাছের গুনাগুন প্রয়োগের মাধ্যমে পরিত্যক্ত আম গাছে সুস্বাদু ফল অধিক পরিমানে ফলন বাড়ায়। সেই লক্ষ্যে আম গাছে গ্রাফটিং পদ্ধতি করা হচ্ছে।
এসময় জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ফয়সাল আজম, পলাশবাড়ী উদ্যোক্তাদের সমন্বয়কারি খাজা মিয়া, ঢোলভাঙ্গা পরিবেশ উন্নয়ন সংস্থার চঞ্চল তালুকদার, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় গাইবান্ধার পলাশবাড়ী সড়কের উভয় পাশের ১৮ কিলোমিটার ও সাদুল্লাপুর-পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছে গ্রাফটিং করা হবে বলে জানা গেছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 














