গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠিয়ে উত্তোলন করা হয়েছে।
সরেজমিনে সোমবার (১৫ আগস্ট) দুপুরে ওই প্রতিষ্ঠানে দেখা যায় দণ্ডের সর্বোচ্চ চূড়ায় পতাকা উড়ানোর চিত্র।
জানা যায়, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে জাতীয় পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠিয়ে উত্তোলন করে রেখেছেন। এভাবে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা ও অসম্মান উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুষছেন স্থানীয়রা । সেই সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদেরও এ দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করছেন অনেকেই।
এ বিষয়ে মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বাদশার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর রশিদ বলেন, এটা মোটেও কাম্য নয়, এরকম হয়ে থাকলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কি কি করতে হবে ও জাতীয় পতাকা অর্ধনমিত কিভাবে করতে হবে সেসব তাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ -আল-মারুফ বলেন, এটা অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমাননা ও বিধি লঙ্ঘনও। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নিতে বলব।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















