নিভৃত গ্রামাঞ্চলের লোকালয়ে ঢুকে পড়ছে একটি বানর। ঘুরছে মানুষের বাড়ি ও বিভিন্ন রাস্তা-ঘাটে। হানা দিচ্ছে পথচারি ও নারী-শিশুদের। বানরটির এমন হিংস্র তাণ্ডবে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনইর (দশআনি) গ্রামে দেখা যায় এই বানরটি অবাধ বিচরণের দৃশ্য। চেষ্টা করছে মানুষদের আক্রমণের।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে ওই গ্রামে হঠাৎ করে বানরটি চোখে পড়ে। লোকালয়ের এই বানরটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছে। এসময় কেউ কোন খাবার দিলে মানুষের কাছেও আসছে। বানরটির এমন খেলায় উৎসুক মানুষের ভিড়ও জমে। এছাড়া সকাল থেকে গ্রামের ফসলী ক্ষেত, ফলমূল নষ্ট করাসহ বিভিন্ন বাড়ি ও রাস্তা-ঘাটে অবাধ ঘুরাঘুরিতে মানুষদের আক্রমণ করছে। এ কারণে শিশু-কিশোররা ভয়ে বাড়ি থেকে বেরুতে পারছে না। দিনব্যাপী বানরটির অত্যাচারে অতিষ্ট হয়ে উঠছে গ্রামবাসী।
পাপন মিয়া নামের এক যুবক জানান, বানরটি কোথায় থেকে এসেছে সেটি জানেন না কেউ। হয়তো ক্ষুধার তাড়নায় লোকালয়ে প্রবেশ করেছে। এজন্য বিভিন্নভাবে ছুটোছুটি করছে। এমনকি মানুষকেও আক্রমণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যমান পরিস্থিতি বানরটির ভয়ে নারী-বৃদ্ধ-শিশুরা ঘরে বাহিরে যেতে ভয় পাচ্ছে। এ বিষয়ে বন বিভাগে একাধিকবার ফোনে জানানো হলে এখন পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেনি।
গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম ক্ষুব্ধ হয়ে জাগো২৪.নেট-কে বলেন, এ বিষয়ে ওই এলাকার মানুষেরা সকাল থেকে আমাকে ফোন দিয়ে চরম বিরক্ত করেছে। এটি কোন কোন হিংস্র প্রাণী নয়। বানরটিকে কেউ ডিস্টাব না করলে আক্রমণ করবে না। এ নিয়ে ভয়ের কিছু নেই।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















