গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পনিতলাহাটের মা ও ঝরণা ট্রেডিং হাউসে গোডাউন থেকে চোরাইকৃত ১৩ টন রডসহ বহনকারি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সালাম মিয়া (৩৫) নামের ওই ট্রাক চালককে আটক করা হয়।
বুধবার (৩১ আগস্ট) গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওইসব রড ও ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে ১৩ টন রড ও ট্রাক জব্দ করা হয়।
জানা যায় শনিবার (২৭ আগস্ট) গাজিপুরের কালিয়াকৈয়ারের মৌচাক তেলিরচারা মেট্রোসিম ইস্পাত লিমিটেড থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার কৈইকুড়ি গ্রামের ট্রান্সপোর্ট পণ্য পরিবহন ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন মুকুল একটি ট্রাকে ১৩ টন রড ভর্তি করে পাবনার কাশিনাথপুর বাজারের মোহাম্মাদ এন্ড সন্স-এ পাঠায়। ভাড়াকৃত এই ট্রাকের চালক সালাম মিয়া (৩৫)। তার বাড়ি বগুড়া সরদরে। এরই মধ্যে সালাম মিয়া ও তার হেলপারসহ আরও কয়েকজন মিলে রডগুলো চুরির উদ্দেশ্যে মোহাম্মাদ এন্ড সন্স এ না পৌঁছিয়ে কালোবাজারে বিক্রির জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা বাজারের মা ও ঝরণা ট্রেডিং হাউসে মালিক ফয়সাল হাসানের এর গোডাউনে নিয়ে আসে।
এদিকে, মোয়াজ্জেম হোসেন মুকুল তার রড অন্যত্র বিক্রি হচ্ছে বলে গোবিন্দগঞ্জ পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে ২৯ আগস্ট ভোরে বৈরাগীরহাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মা ও ঝরণা ট্রেডিং হাউস এর গোডাউন থেকে চুরি হওয়া ১৩ টন রড় ও ট্রাকটি জব্দ করে।
এ ঘটনার শিকার মোয়াজ্জেম হোসেন মুকুল জানান, ট্রাক চালক সালাম মিয়াসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ওইসব মালামাল উদ্ধারের সময় মা ও ঝরণা ট্রেডিং হাউসের মালিক ফয়সাল হাসানসহ অন্যরা পালিয়ে যায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















