মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের খানসামা উপজেলার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি এ জরিমানা করেন।
মঙ্গলবার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ক্রয় ও বিক্রি নিশ্চিত করতে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়াহাট ও মন্ডলেরবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায় উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে খানসামার কাচিনীয়াহাটের মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মন্ডলেরবাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















