জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধায় আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যন প্রার্থীসহ ৪০ জন্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওইসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জাসদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি ও স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক জানান, আওয়ামীলীগ মানুষের কল্যাণে রাজনীতি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হবেন বলে দৃঢ় বিশ্বাস। এরপর নির্বাচিত হলে পরিষদের সকল ধরণের কর্মকতাণ্ড স্বচ্ছতার মাধ্যমে নিশ্চিত করবেন।
জানা যায়, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত ১ হাজার ১৩৪ জন ভোটার ভোট প্রদান করবেন। তাদের ভোটে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান ৭ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল। বাছাই হবে আগামী ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এইদিন সকাল ৯ থেকে বেলা ২ পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।
তোফায়েল হোসেন জাকির 



















