পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা মহাসড়কের উঁচু ব্রিজ নামক স্থানে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে পাথর বোঝাই বিকল ট্রাকে একটি মিনি কাভার্ড ভ্যান পেছনে ধাক্কা দেওয়ায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো কাভার্ড ভ্যানের চালক সাগর মিয়া (২৮) ও সহকারী মনির (২০)। দু’জনের বাড়িই কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সরিষা উঁচু ব্রিজ নামক স্থানে গতকাল সোমবার(৩ অক্টোবর) পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এর পর থেকে ট্রাকটি সেখানেই মহাসড়কের পাশে থেমে ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মশার কয়েলবাহী একটি মিনি কাভার্ড ভ্যান ওই স্থানে গিয়ে পিছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সাগর মিয়া ও সহকারী মনির নিহত হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















