গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পুকুরের পানিতে ডুবে আমিনুল ইসলাম ও আমিনা আক্তার নামে যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স দেড় বছর।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এঘটনা ঘটে। নিহত দুই ভাইবোন ওই গ্রামের শাহ আলম মিয়ার যমজ সন্তান।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই যমজ শিশুদের মা গোলেনুর বেগম দুই সন্তানকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর বাড়িতে সমিতির কিস্তি দিতে যান। এসময় সবার অজান্তে যমজ দুই ভাই-বোন খেলতে খেলতে বাড়ির পাশের এক পুকুরের পানিতে পড়ে যায়। তাদের মা কিস্তি দিয়ে বাড়িতে এসে যমজ দুই সন্তানকে না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুরের পানিতে শিশুদের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে ওই যমজ দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম। সজনদের বরাত দিয়ে তিনি বলেন, যমজ দুই ভাই-বোনকে বাড়িতে রেখে তাদের মা সমিতির ঋণের কিস্তি দিতে যায়। এসময় শিশু দুটি প্রতিবেশির পুকুরের পড়ে গিয়ে মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পুকুরে পড়ে গিয়ে যমজের মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















