পাবনার সাঁথিয়ায় আলোচিত মতিন হত্যা মামলার আলামত উদ্ধার করেছে সিআইডি পুলিশ। বুধবার দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সিআইডি পুলিশের এসআই পায়েল হোসেন বিষয়টি জানান। তিনি বলেন, গত ৫-০৬-২০২২ ১৪০/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড তদন্তে চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার সিআইডি পুলিশ হত্যার ঘটনার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান হারুনের ভাই জুয়েল হোসেনকে গ্রেফতার করে।
পরে তাকে একদিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর প্রদত্ত তথ্য ও দেখানো মতে বুধবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পুঁঠিপাড়া ঘোন্রাচর এলাকায় ইছামতির নদীর ডাইকের পাশে পানির মধ্যে থেকে হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডে জড়িত আটকৃত অপর ২জন আসামী মনজু ও কাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় ৮ থেকে ১০জন জড়িত রয়েছে। এ পর্যন্ত জুয়েল, আনিস,বেলাল শেখ,সাদ্দাম,কাদের, মনজুসহ ৬ জনকে আমরা আটক করতে পেরেছি। অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ৬ জন আসামীর মধ্যে সাদ্দাম ও আনিছুর রহমান আনিস জামিনে রয়েছে। সিআইডি পুলিশ হত্যাকান্ডের আলামত উদ্ধারের সময় জুয়েলকে ঘটনাস্থলে নিয়ে গেলে নিহতের স্বজনেরা ও এলাকাবাসী খবর পেয়ে জুয়েলের ফাঁসির দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য গত ৪ জুন শনিবার জুয়েল দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে রাত পৌনে ৯টার দিকে পাবনার সাঁথিয়া পৌর সদরের পুঁটিপাড়া গ্রামের ঘোনারচর নামক স্থানে ক্যানেলের পাশে একই গ্রামের মহির উদ্দিন ওরফে মহেরের ছেলে আঃ মতিন (৫০)কে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















