গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় দুই ঘরের দেয়ালের মাঝে আটকে পড়া একটি কুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের পকেট গেটের বিপরীত পার্শ্বে ব্যবসায়ী মশিউর রহমানের বানিজ্যিক ঘর ও দুলু মিয়ার বাসা বাড়ির দেয়ালের মাঝে আটকে পড়া কুকুরটিকে উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গুলজার হোসেন মণ্ডল। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটকে পড়া কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দিনের যেকোন এক সময়ে একটি কুকুর দুই দেয়ালের মাঝে আটকা পড়ে। জীবন বাঁচানোর চেষ্টা করেও কুকুরটি বের হতে না পরে ছটপট করছিল। বিষয়টি ব্যবসায়ী মশিউর রহমান নজরে আসলে তিনি কুকুরটিকে উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ফোন দেয়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ব্যবসায়ী মশিউর রহমানের ব্যবসা কেন্দ্রের দেয়াল কেটে জীবিত অবস্থায় কুকুরটি উদ্ধার করেন।
ব্যবসায়ী মশিউর রহমান বলেন, বিকেলে হঠাৎ করে কুকুরের ছটপটের শব্দ শুনতে পাই। এসময় দেখি আমার দেয়ালের মাঝে কুকুরটি আটকা পড়েছে। পড়ে আমি উদ্ধারের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেই। তারা এসে আমার দোকানের দেয়াল কেটে কুকুরটি উদ্ধার করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















