গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত চেয়াম্যানসহ ৩টি পদে ১৮৯ প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছে।
রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান।
জানা গেছে, উপজেলার ওইসব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত আসনে ৪৫ জন ও সাধারণ সদস্য ১৩০ জনসহ মোট ১৮৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামালপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুজ্জামান মণ্ডল, বনগ্রাম ইউনিয়নের মোখলেছুর রহমান ও কামারপাড়া ইউনিয়নের সুবল চন্দ্র সরকার রয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১২ নভেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ দিনে বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন ভোটাররা। এসময় ২৯ ভোটকেন্দ্রের ২২৯ কক্ষে (বুথ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৮ হাজার ২৪৮ জন। এরমধ্যে পুরুষ ৩৩ হাজার ২৫৮ ও নারী ভোটার রয়েছে ৩৪ হাজার ৯৯০ জন।
বিশেষ সুত্রে জানা যায়, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠধাপে ৩১ জানুয়ারী সাদুল্লাপুর উপজেলার ১১ ইউপির মধ্যে ৮টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রস্তাবিত সাদুল্লাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে নানা কারণে পিছিয়ে ছিল জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নে ভোটগ্রহণ। এরপর গত ১৫ জুন ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার পর এই তফসিলটি বাতিল করে সংশ্লিষ্টরা। আবারও ২০ অক্টোবর তফসিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। এই তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তিন ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















