দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় অমিছা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত অমিছা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাটের বালাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী। এসড়ক দূর্ঘটনাটি রবিবার সকাল আনুমানিক ১১টায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধা অমিছা বেগম রসুন কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে বৃদ্ধা অমিছা গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্মরত চিকিৎসক ওই বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথেই গুরুতর আহত ওই বৃদ্ধা মারা যান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় তার পরিবারের সদস্যদের কাছে দাফনকার্য সম্পন্ন করার জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















