দিনাজপুরের চিরিরবন্দরে ট্রিলি য়ন গোল্ড লিমিটেড নামক একটি চুলশিল্প কারখানার নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও চুল পোড়ানোর ঝাঁঝালো দুর্গন্ধে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম শ্বাসকষ্টসহ এলাকায় বিরুপ পরিবেশ সৃষ্টি হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দেয়া অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ফতেজংপুর ইউনিয়নে ফতেজংপুর মহাবিদ্যালয়, মধ্য ফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেজংপুর উচ্চ বিদ্যালয়ের পাশেই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড নামক একটি চুলের শিল্প-কারখানা স্থাপন করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। ওই কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়ায় প্রতিষ্ঠানগুলোর কোমলমতি শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ চোখের তীব্র জ্বালা শুরু হয় ও বিরুপ পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মধ্য ফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান জানান, বিদ্যালয়ে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থী রয়েছে। তাদের অনেকের শ্বাসকষ্টসহ চোখের জ্বালাপোড়া শুরু হয়েছে। বিদ্যালয়ের পাশেই নির্মিত ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের চুলের শিল্প-কারখানার কাঠ বয়লারের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় এ ঘটনা ঘটছে। এছাড়াও চুল পোড়ানোর ঝাঁঝালো দূর্গন্ধে বিদ্যালয়ে অবস্থান করা দূরুহ হয়ে পড়েছে।
ঘটনা প্রসঙ্গে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আফজাল হোসেন জানান, শিল্প-কারখানায় একটি নতুন কাঠ বয়লার মেশিন স্থাপন করা হয়। ওই বয়লারের চিমনী ৬৫ ফুট উঁচু। জ্বালানী হিসেবে খনিজ কয়লা ও কাঠ ব্যবহার করা হয়। ওই বয়লার থেকে কোন বিষাক্ত ধোঁয়া বের হয় না।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। এটি সরজমিনে পরিদর্শন করে জনস্বার্থ ও শিশু স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















