গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশায় বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও সোহেল মিয়া (২৫) ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্য কোচ মাঝিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে নেওয়ার পথে সোহেল মিয়া মারা যান।
ঘাতক বাসটি আটক করার চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















