দিনাজপুরের চিরিরবন্দরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কে অজ্ঞাতনামা কোচের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই টুটুল দত্ত (২০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সৈয়দপুর-দশমাইল মহাসড়কে দেবীগঞ্জবাজার নামক স্থানে ঘটেছে। নিহত টুটুল উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের বাড়াইপাড়ার কেশব দত্তের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় টুটুল সৈয়দপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সৈয়দপুর-দশমাইল মহাসড়কে দেবীগঞ্জবাজারে রাস্তার পাশে থাকা বালুতে পিছলে গিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে যায় টুটুল। এসময় দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা কোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















