গাইবান্ধায় চাঁদা না দেয়ায় হরিজন সম্প্রদায়ের রাজেশ বাসফোর নামের এক ব্যক্তিকে মারপিটের অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর( দুপুরে গাইবান্ধা সুইপার কলোনীর হরিজনদের উদ্যোগে স্থানীয় পৌরগেটের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন হরিজন সম্প্রদায় সংগঠনের জেলা সভাপতি কীর্ত্তন বাসফোর, সংগঠনের পৌর সভাপতি সন্তোষ বাসফোর, রাজেশ বাসফোর, দীলিপ বাসফোর, মতিলাল বাসফোর, শ্রী কালা বাসফোর, সুজন বাসফোর, তেজিয়া বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন (সুইপার কলোনী)তে রাজেশ বাসফোর দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু গত রোববার বিকেলে ডেভিড কোম্পানীপাড়ার বখাটে জুয়েল মিয়া, শাপলামিল এলাকার স্বপন মিয়া, রবিন মিয়া, সাগর বিহারী তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই বখাটেরা রাজেশ বাসফোরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তাকে বেদম মারপিট করে। এসময় ওই বাড়ির মহিলারা রাজেশকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। এই ঘটনার সাথে জড়িত বখাটেদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে রাজেশ বাসফোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, সদর থানার ওসির বরাবরে লিখিত অভিযোগ করেন।
এর আগে সুইপার কলোনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গেটে গিয়ে শেষ হয়। আধাঘন্টাব্যাপী সড়ক অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে। এসময় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন ঘটনার সাথে জড়িতদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















