রিফাত হোসেন (৬)। প্রথম শ্রেণির নতুন বই নিতে যায় স্কুলে। হাতে বই পেয়ে মনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। বাবা-মাকে এইসব নতুন বই দেখাতে উল্লাসে ফিরছিল বাড়ির দিকে। এরই মধ্যে একটি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো রিফাতের।
রোববার (১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার গিদারীর কাউন্সিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত হোসেন দক্ষিণ গিদারী গ্রামের সবুজ মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রিফাতের মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এবার নার্সারি থেকে প্রথম শ্রেণিতে ওঠেছে। আজ নতুন বই নেয়ার জন্য স্কুলে যায়। সেই বইগুলো কাধে নিয়ে বাড়ি ফেরার পথে কাউন্সিল বাজার এলাকায় একটি অটোরিকশা রিফতকে থাক্কা দেয়। এসময় গুরুতর আহত হলে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এখানে নেওয়ার পথে রিফাত মারা যায়।
এ বিষয়ে গিদারি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুনর রশিদ ইদু বলেন, ওই দুর্ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















