গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাড়ে এগারো হাজার বই পাচারের ঘটনায় ৩ জন গ্রেফতার হয়। এই তিন আসামির সাত দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারকৃত ৩ আসামির প্রত্যেকের সাত দিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক আগামী ১৯ জানুয়ারি শুনানীর দিন ধার্য্য করেছেন।
এর আগে, বই পাচারের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ (৪৫), ট্রাক চালক শ্যামল মিয়া (৩৩) ও হেলপার রাসেল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যপুস্তুক একটি ট্রাকসহ চালক শ্যামল (৩৩) ও তার ভাই রাসেল মিয়াকে আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত বইগুলো সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদের নিকট হতে আর্থিক সুবিধার বিনিময়ে সংগ্রহ করেন।
বিষয়টি জানতে পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মণ্ডল রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফকে সঙ্গে নিয়ে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারী কলেজে রক্ষিত ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য মজুদকৃত বই গণনা করে দেখতে পান ষষ্ঠ শ্রেণির ৩০০, সপ্তম শ্রেণির ৭ হাজার ৮০০, অষ্টম শ্রেণির ২ হাজার ৬০০, নবম শ্রেণির ৮০০ বইসহ মোট সাড়ে এগারো হাজার বই চুরি হয়েছে। যাহার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।
এঘটনায় সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মণ্ডল বাদি হয়ে অফিস সহায়ক মাজেদুর রহমান, ট্রাকের চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বই পাচারের ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্যই গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















