দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের মালাইপুর নামকস্থানে ঘনকুয়াশায় অজ্ঞাতনামা একটি গাড়ি পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নুরুজ্জামান সরকার (৪০) ঘটনাস্থলেই নিহত হন ।
বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নেরর দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের হযরতপুরের মালাইপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত নুরুজ্জামান (৪০) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পুটিহারা গ্রামের মৃত মশিউর রহমান সরকারের ছেলে।
নিহত নুরুজ্জামানের ছোটভাই আক্তারুজ্জামান জানান, আমার বড়ভাই নুরুজ্জামান বাড়ি থেকে কোনো কাজের জন্য দিনাজপুর শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে হযরতপুর গ্রামের মালাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরমার হয়ে গেছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















